জমি কেনা বা বিক্রি করার আগে সবচেয়ে জরুরি কাজ হলো জমিতে কোনো মামলা বা আইনি জটিলতা আছে কিনা তা যাচাই করা। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনেক তথ্য জানা সম্ভব হলেও কিছু ক্ষেত্রে সরাসরি অফিস বা আদালতে খোঁজ নেওয়া সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।
ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা এবং আদালতের ই-সিস্টেম ব্যবহার করে জমির মামলা সংক্রান্ত প্রাথমিক তথ্য জানা যায়। তবে কোনো মামলা অনলাইনে না দেখালেও সংশ্লিষ্ট অফিসে গিয়ে নিশ্চিত হতে হবে।
অনলাইনে যেভাবে খোঁজ নেবেন
প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট land.gov.bd-এ প্রবেশ করতে হবে। এখানে ডিজিটাল ল্যান্ড রেকর্ড বা ই-পর্চা সেবার মাধ্যমে জমির খতিয়ান ও মালিকানার তথ্য যাচাই করা যায়।
এরপর বাংলাদেশের আদালতের ই-কজলিস্ট ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট জেলা ও আদালত নির্বাচন করে মামলার তথ্য খোঁজা যেতে পারে। মামলা নম্বর ও সাল জানা থাকলে অনুসন্ধান আরও সহজ হয়।
এছাড়া ভূমি মন্ত্রণালয়ের মামলা ব্যবস্থাপনা সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমেও ভূমি রাজস্ব মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
হটলাইনে কল করে জানা যাবে
ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে ১৬১২২ নম্বরে কল করা যায়। এই হটলাইনের মাধ্যমে ভূমি মামলার অবস্থা সম্পর্কেও জানতে পারবেন গ্রাহকরা।
সরাসরি অফিসে গিয়ে যাচাই
অনলাইনে সব তথ্য না মিললে স্থানীয় ভূমি অফিসে গিয়ে জমির রেকর্ড যাচাই করা উচিত। সংশ্লিষ্ট দাগ বা খতিয়ান নম্বর উল্লেখ করে মামলা আছে কিনা তা জানতে পারবেন।
এছাড়া সাব-রেজিস্ট্রার অফিস থেকে জমির ওপর কোনো দায়বদ্ধতা আছে কিনা তা তল্লাশি দিয়ে জানা যায়। এই সনদে জমি বিক্রি বা বন্ধক সংক্রান্ত সব তথ্য থাকে।
আদালতে সরাসরি খোঁজ
জমি সংক্রান্ত মামলা সাধারণত দেওয়ানি আদালতে হয়ে থাকে। সংশ্লিষ্ট জেলা জজ আদালত বা সিভিল কোর্টে গিয়ে মামলার রেকর্ড বা আইনজীবীর মাধ্যমে খোঁজ নিলে বিস্তারিত জানা যায়।
অনলাইনে মামলা না পেলেও সরাসরি আদালতে খোঁজ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ সব মামলার তথ্য সব সময় অনলাইনে হালনাগাদ থাকে না।
জমি কেনার আগে অন্তত এই কয়েকটি ধাপ অনুসরণ করলে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো সম্ভব।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


