রাজধানীর মেট্রোরেলের চারটি স্টেশনে রিটেইল শপ ভাড়া দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৩ নভেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
যে চারটি স্টেশনে দোকান ভাড়া দেওয়া হবে সেগুলো হলো উত্তরা দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল। ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুযায়ী দোকানগুলো ভাড়া দেওয়া হবে।
আবেদনপত্র যেভাবে সংগ্রহ করবেন
আবেদনপত্র সংগ্রহ করা যাবে ২৩ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে। আগ্রহীদের ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের তৃতীয় তলার ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।
প্রতিটি প্যাকেজের আবেদনপত্রের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এই অর্থ অফেরতযোগ্য।
মেট্রোরেল ভবনের ঠিকানা: এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।
ব্রিফিং ও সাইট ভিজিট
আবেদনের আগে আগ্রহীদের জন্য ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলার সম্মেলনকক্ষে ব্রিফিং সভার আয়োজন করা হয়েছে। একই দিন সংশ্লিষ্ট দোকানগুলোর স্থান পরিদর্শনের সুযোগ থাকবে।
আবেদন জমা দেওয়ার নিয়ম
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২৬। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে আবেদন জমা নেওয়া হবে।
একই দিন বিকেল সাড়ে ৩টায় সম্মেলনকক্ষে সবার উপস্থিতিতে আবেদনপত্র খোলা হবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি ডিএমটিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে ডিএমটিসিএল ১৪টি স্টেশনে ৩১টি রিটেইল শপ ভাড়া দেওয়ার উদ্যোগ নেয়। এর মধ্যে ২৬টি দোকান ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৫টি দোকান বরাদ্দের শেষ পর্যায়ে রয়েছে।
ডিএমটিসিএল আশা করছে, সব দোকান বরাদ্দ হলে শুধু ভাড়া থেকেই বছরে ১০ কোটি টাকার বেশি আয় হবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


