দেশে ও বিদেশে প্রবাসীদের দীর্ঘদিনের নানা ভোগান্তি কমাতে চলতি মাসেই চালু হতে যাচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। সরকারের এই উদ্যোগের মাধ্যমে একই কার্ডে ব্যাংকিং, বিমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা এবং বিভিন্ন সরকারি সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এক সাক্ষাৎকারে জানান, ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্ত এই কার্ডের মাধ্যমে বিমানবন্দর, দূতাবাস এবং অনলাইন সেবাগুলো আরও সহজ ও দ্রুত পাওয়া যাবে। এতে প্রবাসীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রবাসীরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর, দূতাবাস, দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। নতুন এই ডিজিটাল কার্ড সেই সমস্যাগুলোর কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রবাসী কার্ডে যেসব সুবিধা মিলবে
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরে দ্রুত সেবা পাওয়া যাবে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে কার্ডধারীরা অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া সরকারি বিভিন্ন সেবার ফি ও অন্যান্য অর্থ পরিশোধও অনলাইনে করা যাবে।
এই কার্ডের সঙ্গে ব্যাংকিং সুবিধা যুক্ত থাকায় প্রবাসীরা নিরাপদে অর্থ সংরক্ষণ করতে পারবেন। প্রয়োজন হলে পরিবারের একজন সদস্যকে সম্পূরক কার্ডধারী হিসেবে যুক্ত করা যাবে। তিনি কত টাকা উত্তোলন করতে পারবেন, সেটিও আগেই নির্ধারণ করে দেওয়া সম্ভব হবে। এতে অর্থ লেনদেন আরও স্বচ্ছ হবে এবং হুন্ডির ব্যবহার কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী জানান, অনেক প্রবাসী দেশে অর্থ পাঠানোর পর সম্পত্তি বা টাকার ব্যবস্থাপনায় জটিলতায় পড়েন। নতুন কার্ড চালু হলে নিজের নামে থাকা অ্যাকাউন্টেই অর্থ সংরক্ষণ করা যাবে এবং সেই অর্থের ওপর সুদও পাওয়া যাবে। পরিবারের প্রয়োজন হলে নির্ধারিত সীমার মধ্যে একজন সদস্য সেই অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।
আরও পড়ুনঃ প্রতিটি উপজেলা হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্যমন্ত্রী
প্রবাসীদের প্রত্যাশা, এই কার্ড চালু হলে দেশে ও বিদেশে একই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে লেনদেন করা যাবে এবং সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে। তারা দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে
অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে, ডিজিটাল প্রবাসী কার্ড কার্যকর করতে তথ্যের নিরাপত্তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সংস্থাটির মতে, পুরো ব্যবস্থাকে নিরাপদ ডিজিটাল ডাটাবেজের আওতায় আনতে পারলে প্রকৃত সুবিধাভোগীরা সঠিকভাবে সেবা পাবেন এবং অপব্যবহারের ঝুঁকি কমবে।
সংশ্লিষ্টদের মতে, শুধু কার্ড চালু করাই যথেষ্ট নয়। দেশে ও বিদেশে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এই কার্ডের কার্যকর ব্যবহার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুনঃ অনলাইনে ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধের সম্পূর্ণ নিয়ম
এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


