বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া কর্মীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জামানত ছাড়াই সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ নিতে পারেন। এই ঋণের সুদের হার ৮ শতাংশ (সরল সুদ) এবং আবেদনের জন্য শুধু একজন জামিনদার প্রয়োজন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, নতুন ভিসা ও রি-এন্ট্রি ভিসা—উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অভিবাসন ঋণ পাওয়া যায়। সরকার ভবিষ্যতে এই সীমা ৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর কথা বিবেচনা করছে বলে জানা গেছে।
ঋণের শর্ত ও মেয়াদ
নতুন ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর এবং রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর। ঋণ গ্রহণের পর ২ মাসের গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়।
এই ঋণের জন্য কোনো সার্ভিস চার্জ নেই। যথাযথ কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর ৭ কর্মদিবসের মধ্যে সেবা পাওয়ার কথা রয়েছে।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
ঋণ নিতে হলে প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় একটি হিসাব খুলতে হবে। এরপর ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন জমা দিতে হবে।
আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ ইউনিয়ন পরিষদ বা পৌরসভার সনদপত্র। এছাড়া পাসপোর্ট, ভিসার কপি এবং ম্যানপাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
লেবার কন্ট্রাক্ট পেপার থাকলে তা দেওয়া ভালো, তবে এটি বাধ্যতামূলক নয়। জামিনদারের ক্ষেত্রে তার ১ কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ঠিকানার সনদপত্র এবং ব্যাংকের ৩টি চেকের পাতা জমা দিতে হবে।
ভাষা শিক্ষার জন্য আলাদা ঋণ
বিদেশে ভাষা শিক্ষা বা বিশেষ দক্ষতা অর্জনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আলাদা একটি ঋণ প্রকল্পও চালু করেছে। এই প্রকল্পে জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
এই ঋণের সুদের হার ১১ শতাংশ এবং মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখার এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে।
এক্ষেত্রে গন্তব্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার এবং ন্যূনতম ভাষা দক্ষতার প্রমাণ (যেমন জাপানের জন্য এন-৫, দক্ষিণ কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩) জমা দিতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করা যাবে। এছাড়া ১৬২৩৮ নম্বরে হটলাইনে কল করে তথ্য জানা যায়।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


