বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারে প্রযুক্তিগত পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে ফোর জি গ্রাহক বেড়েছে ৮৪ লাখ ৩০ হাজার। একই সময়ে থ্রি জি গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে দেশের টেলিকম বাজারে ফোর জি নির্ভরতা দ্রুত বাড়ার চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশে মোট মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৫৮ লাখ। জুলাইয়ে এই সংখ্যা ৪৬ লাখ ৪০ হাজার বা ২ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১৯ কোটি ৪ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারে।
মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক ১০ কোটি ১৫ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ১০ কোটি ৮৮ লাখ ১০ হাজার হয়েছে। একই সময়ে মোট ইন্টারনেট গ্রাহকও বেড়েছে ৭৭ লাখ ৬০ হাজার। ফলে দেশের ইন্টারনেট ব্যবহারে মোবাইল সংযোগের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে।
ফোর জি গ্রাহক বৃদ্ধিতে বদলে যাচ্ছে দেশের টেলিকম বাজার
সাত মাসে ফোর জি গ্রাহক বেড়েছে ৮৪ লাখ
চলতি বছরের জানুয়ারিতে দেশে ফোর জি গ্রাহক ছিল ১১ কোটি ৩৪ লাখ ৯০ হাজার। জুলাইয়ে তা বেড়ে ১২ কোটি ১৯ লাখ ২০ হাজারে পৌঁছেছে। অর্থাৎ সাত মাসে ফোর জি গ্রাহক বেড়েছে ৮৪ লাখ ৩০ হাজার বা ৭ দশমিক ৪৩ শতাংশ।
এর বিপরীতে থ্রি জি গ্রাহকের সংখ্যা কমেছে দ্রুতগতিতে। জানুয়ারিতে সক্রিয় থ্রি জি গ্রাহক ছিল ২১ লাখ ২০ হাজার। জুলাইয়ে তা কমে ১০ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ সাত মাসে থ্রি জি গ্রাহক কমেছে ১০ লাখ ৭০ হাজার বা ৫০ দশমিক ৪৭ শতাংশ।
গ্রামীণফোন ও বাংলালিংকে এখনও থ্রি জি সেবা চালু রয়েছে এবং থ্রি জি ব্যবহারকারীদের বড় অংশ এই দুই অপারেটরের গ্রাহক।
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম জানিয়েছেন, রবি ২০২৪ সালেই থ্রি জি সেবা বন্ধ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক টু জি ও ফোর জি প্রযুক্তির ওপর পরিচালিত হচ্ছে। জুলাই পর্যন্ত রবির প্রায় ৭০ শতাংশ গ্রাহক ফোর জি ব্যবহার করছেন।
আরও পড়ুনঃ ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, খুলে নেওয়া হয়েছে অ্যানটেনাও
মোবাইল ইন্টারনেটেই বাড়ছে গ্রাহক
জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার থেকে বেড়ে ১৩ কোটি ৬৭ লাখ ৫০ হাজার হয়েছে। সাত মাসে এই সংখ্যা ৭৭ লাখ ৬০ হাজার বা ৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।
একই সময়ে মোট ইন্টারনেট বিস্তার ৭৩ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ৭৭ দশমিক ৪২ শতাংশ হয়েছে। এই বৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল মোবাইল ইন্টারনেট।
মোবাইল ইন্টারনেট গ্রাহক জানুয়ারির ১১ কোটি ৪২ লাখ ২০ হাজার থেকে জুলাইয়ে বেড়ে ১২ কোটি ১৫ লাখ ২০ হাজার হয়েছে। অন্যদিকে আইএসপি ও পিএসটিএন ভিত্তিক ফিক্সড ইন্টারনেট গ্রাহক ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ১ কোটি ৫২ লাখ ৩০ হাজার হয়েছে।
মোবাইল ব্রডব্যান্ডের বিস্তার ৫৭ দশমিক ৭০ শতাংশ থেকে বেড়ে ৬১ দশমিক ৬০ শতাংশ হয়েছে। ফিক্সড ব্রডব্যান্ডের বিস্তার তুলনামূলকভাবে ধীরগতিতে বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশ থেকে ৮ দশমিক ৬৩ শতাংশ হয়েছে।
আরও পড়ুনঃ দ্রুত ভিডিও স্ট্রিমিংয়ে গ্রামীণফোনের নতুন উদ্যোগ, ভিডিও লোড হবে আরও দ্রুত
গ্রামীণফোন ও রবির গ্রাহক বেড়েছে
অপারেটরভিত্তিক হিসাবেও বেসরকারি মোবাইল অপারেটরগুলোর গ্রাহক বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। গ্রামীণফোনের গ্রাহক জানুয়ারির ৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার থেকে বেড়ে জুলাইয়ে ৮ কোটি ৭০ লাখ ১০ হাজার হয়েছে। সাত মাসে গ্রাহক বেড়েছে ২৬ লাখ ৮০ হাজার।
রবি আজিয়াটার গ্রাহক ৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার থেকে বেড়ে ৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার হয়েছে। একই সময়ে বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৭৪ লাখ থেকে বেড়ে ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।
তবে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক কিছুটা কমেছে। জানুয়ারিতে প্রতিষ্ঠানটির গ্রাহক ছিল ৬৮ লাখ ৩০ হাজার। জুলাই শেষে তা ১০ হাজার কমে ৬৮ লাখ ২০ হাজার হয়েছে।
সব মিলিয়ে ভয়েস কল ও ইন্টারনেট সেবা বিবেচনায় দেশের সামগ্রিক টেলিডেনসিটি জানুয়ারির ১০৫ দশমিক ৭১ শতাংশ থেকে জুলাইয়ে বেড়ে ১০৭ দশমিক ৯৭ শতাংশ হয়েছে।
আরও পড়ুনঃ ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


