গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করেছে। শীর্ষস্থানীয় এই অপারেটরটি দেশব্যাপী কভারেজ শক্তিশালী করতে এই ব্যান্ড ব্যবহার শুরু করেছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ১৪ জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
কী সুবিধা মিলবে
৭০০ মেগাহার্টজ একটি লো-ব্যান্ড স্পেকট্রাম। কম ফ্রিকোয়েন্সির কারণে এই ব্যান্ডের সিগন্যাল বেশি দূরত্বে পৌঁছাতে পারে এবং ভবনের ভেতরেও ভালোভাবে কাজ করে।
ফলে প্রতিটি বেস স্টেশন থেকে বিস্তৃত এলাকায় কভারেজ দেওয়া সম্ভব হবে। এতে গ্রামীণ ও দুর্গম এলাকার নেটওয়ার্ক কভারেজ উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
শহরাঞ্চলেও অফিস, হাসপাতাল, শপিং মল, উঁচু ভবন ও বেসমেন্টের ভেতরে নেটওয়ার্ক সংযোগের মান বাড়বে।
কত টাকা বিনিয়োগ
বিটিআরসি চলতি বছরের শুরুতে গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয়। স্পেকট্রামটি ১৩ বছরের জন্য বরাদ্দ করা হয়েছে।
এই বরাদ্দের জন্য গ্রামীণফোন জাতীয় রাজস্ব খাতে প্রায় ২,২০০ কোটি টাকা অবদান রাখবে। স্পেকট্রাম ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বিনিয়োগ করবে।
আরও পড়ুনঃ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নিয়ম শিথিল করল সরকার
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
রেহান আসিফ আসাদ বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শহর ও গ্রাম উভয় অঞ্চলে উচ্চমানের সংযোগের সম্প্রসারণ ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, লো-ব্যান্ড স্পেকট্রাম হিসেবে এটি বিশেষ করে ভবনের ভেতরে এবং সুবিধাবঞ্চিত এলাকায় কভারেজের গুণগত মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইয়াসির আজমান বলেন, এই স্পেকট্রাম ফোরজি সেবার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি ফাইভজি, এআই ও আইওটির মতো ভবিষ্যৎ প্রযুক্তির প্রস্তুতিতেও সহায়ক হবে।
গ্রামীণফোন বর্তমানে দেশে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে সেবা দেওয়া একমাত্র অপারেটর।
আরও পড়ুনঃ টেলিটকের স্বাধীন সিম মাত্র ৯৯ টাকায়, কিভাবে পাবেন
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


