ভারত সরকার ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে। প্রধান ভিসা ক্যাটাগরির সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি এবং উপ-ক্যাটাগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ২০২৬ সালের ২৭ আগস্ট এই পরিবর্তন কার্যকর হয়।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম ধাপে ভিসা ক্যাটাগরি ২২ থেকে ১৩টি এবং উপ-ক্যাটাগরি ৬৩ থেকে ৪৯টি করা হয়েছিল। সর্বশেষ এই সংস্কারের মাধ্যমে প্রক্রিয়াটি আরও সরল করা হলো।
পর্যটন ভিসার নাম বদলালো
এতদিনের পরিচিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে এখন ‘ভিজিটর ভিসা’ রাখা হয়েছে। শুধু পর্যটন নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যকেন্দ্র এবং স্বল্পমেয়াদি কোর্সের মতো কাজেও এই ভিসা ব্যবহার করা যাবে।
ভিজিটর ভিসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ভি-১ এবং ভি-২। ভি-১ ভিসা ৩০ দিনের জন্য দেওয়া হবে এবং একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ভি-২ ভিসা দেওয়া হবে দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য, যার মেয়াদ ১ বছর, ৫ বছর বা ১০ বছর হতে পারে। এই ভিসায় পর্বতারোহণের সুযোগও থাকবে।
চিকিৎসা ও পড়াশোনায় সুবিধা
চিকিৎসা ভিসার ক্ষেত্রে এম-১ ভিসা সাধারণ চিকিৎসার জন্য এবং এম-৩ ভিসা আয়ুর্বেদ, ইউনানি ও যোগের মতো ঐতিহ্যবাহী চিকিৎসার জন্য দেওয়া হবে। দুটি ভিসাই এক বছর মেয়াদে একাধিকবার প্রবেশের সুযোগ দেবে।
রোগীর সঙ্গে আসা সহকারীদের জন্য এম-২ এবং এম-৪ ভিসা চালু থাকবে। এতে দীর্ঘ চিকিৎসার সময় বারবার ভিসা নেওয়ার ঝামেলা কমবে।
ছাত্রছাত্রীদের জন্য এস-১ ভিসা স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার জন্য এবং এস-২ ভিসা পিএইচডি, গবেষণা ও বিনিময় কর্মসূচির জন্য প্রযোজ্য হবে। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারেন।
ব্যবসায়িক ভিসায় নতুন সুযোগ
ব্যবসায়িক ভিসাকে বি-১ এবং বি-২ দুই ভাগে ভাগ করা হয়েছে। বি-১ দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসার জন্য এবং বি-২ স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
বিদেশি কারিগরি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের জন্য বি-২ ক্যাটাগরিতে বিশেষ বিধান রাখা হয়েছে। তাঁরা ই-ভিসার মাধ্যমে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ নিতে পারবেন।
বর্তমানে ১৭২টি দেশের নাগরিকরা ভারতের ই-ভিসা সুবিধা পেয়ে থাকেন। নতুন নিয়মে আবেদন ফরমে তথ্য দিতে হবে ৬৫ থেকে ৭০ শতাংশ কম।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ভিসা কাঠামো চালু করতে তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় উন্নয়ন কাজ চলছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা ইস্যু শুরু হবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


