জমি কেনা বা মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুয়া দলিল ও প্রতারণা। এখন আর ভূমি অফিসে না গিয়ে মোবাইল ফোনেই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জমির খতিয়ান ও মালিকানার প্রাথমিক তথ্য যাচাই করা যায়।
ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা’ পোর্টাল ব্যবহার করে ঘরে বসেই জমির রেকর্ড দেখা সম্ভব। এই সেবার মূল ওয়েবসাইট হলো dlrms.land.gov.bd। এছাড়া land.gov.bd ওয়েবসাইট থেকেও সংশ্লিষ্ট সেবায় যাওয়া যায়।
অনলাইনে জমির তথ্য যাচাইয়ের নিয়ম
প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর জমিটি যে বিভাগ, জেলা ও উপজেলার অন্তর্গত, তা নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট মৌজা বেছে নিতে হবে।
জমিটি কোন জরিপের অধীনে রয়েছে, তা নির্বাচন করতে হবে। যেমন সিএস (CS), এসএ (SA), আরএস (RS) কিংবা বিএস/বিআরএস (BS/BRS)। এরপর খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করতে হবে।
খতিয়ান নম্বর জানা না থাকলে দাগ নম্বর বা মালিকের নাম দিয়েও অনুসন্ধান করার সুযোগ রয়েছে। অনুসন্ধানের পর প্রাপ্ত ফলাফলে মালিকের নাম, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ দেখতে পাবেন।
যেসব তথ্য মিলিয়ে দেখবেন
অনলাইনে পাওয়া তথ্যে মালিকের নাম, খতিয়ান ও দাগ নম্বর, জমির মোট পরিমাণ এবং সংশ্লিষ্ট মালিকের অংশ, মৌজা ও জমির অবস্থান যাচাই করতে হবে।
জমির শ্রেণি যেমন বসতভিটা বা কৃষিজমি, এবং রেকর্ডের হালনাগাদ অবস্থাও দেখে নিতে হবে। জমি সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন, কিংবা জমি নিয়ে মামলা বা বিরোধ রয়েছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট সরকারি নথি ও ভূমি অফিসের তথ্য যাচাই করা প্রয়োজন।
শুধু অনলাইন রেকর্ড দেখেই জমির চূড়ান্ত মালিকানা নিশ্চিত করা যায় না। জমি কেনার আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করাও জরুরি।
সতর্কতা
ই-পর্চার নামে অনেক ভুয়া বা থার্ড-পার্টি ওয়েবসাইট রয়েছে। তথ্য যাচাইয়ের জন্য এসব সাইট ব্যবহার করা গেলেও আবেদন ও পেমেন্ট সবসময় অফিসিয়াল .gov.bd ঠিকানাতেই করতে হবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


