শ্রমিক অস্থিরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিচ্ছে। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ ব্র্যান্ডগুলো প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের অর্ডার বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বড় অংশ গেছে ভারতে।
তিনটি কারখানা মালিকের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তারা বলেছেন, এটি বাংলাদেশের মাসিক অর্ডারের প্রায় ১০ শতাংশ। ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও কিছু অর্ডার পাচ্ছে।
কারণ কী
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, সম্প্রতি শ্রমিক বিক্ষোভে উৎপাদনে ব্যাঘাত ঘটেছে এবং ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। পোশাক খাত দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান তৈরি করে।
কারখানা মালিকরা বলছেন, ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে উৎপাদন ব্যয় আরও বাড়বে। সরকার এই মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক বললেও শ্রমিকরা আরও বেশি দাবি করছেন।
বিজিএমইএর পরিচালক এম মোহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মজুরি বৃদ্ধি এমন সময়ে ব্যয় বাড়িয়েছে, যখন ক্রেতারা কম দাম চাইছে এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে।’
ভারত কেন এগিয়ে
বিজিএমইএর তথ্য অনুযায়ী, প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করে। কিন্তু বাংলাদেশে এই প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন লাগে।
ভারত বাংলাদেশের চেয়ে প্রায় এক সপ্তাহ দ্রুত ডেলিভারি দিতে পারে। ভিয়েতনাম ও কম্বোডিয়া এই সময় ১৫ দিন পর্যন্ত কমাতে পারে। ডেলিভারির সময়সীমা নিয়ে চাপ থাকলে ব্র্যান্ডগুলো দামের চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেয় বলে জানিয়েছেন চৌধুরী।
দীর্ঘমেয়াদি ঝুঁকি
কারখানা মালিকদের বড় উদ্বেগ হলো, অস্থিরতার কারণে সরিয়ে নেওয়া অর্ডারগুলো হয়তো আর ফিরবে না। ক্রেতারা বিকল্প সরবরাহকারীর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে ফেলতে পারেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘অস্থায়ীভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নিলে আন্তর্জাতিক ক্রেতা ধরে রাখা সহজ হয় এবং আর্থিক ক্ষতি কম হয়।’ তবে শর্ত থাকে উৎপাদন স্থিতিশীলতা ফিরে আসা।
একটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ১ নভেম্বর থেকে তার বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। অনেকে জানিয়েছেন, অর্ডার সরিয়ে নেওয়া হয়েছে বা বাতিল হয়েছে এবং তারা বিকল্প ব্যবস্থা নিয়ে ফেলেছেন।
বাংলাদেশের পোশাক খাতের ওপর এই অস্থিরতার প্রভাব চলমান রয়েছে। উৎপাদন স্থিতিশীলতা ফিরে না এলে অর্ডার স্থানান্তর স্থায়ী রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


