বাংলাদেশ ব্যাংক ১,৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে, যা থেকে ক্ষুদ্র উদ্যোক্তা, নিম্ন আয়ের পেশাজীবী ও শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
সুদ কত
এই স্কিমে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস। ঋণ পরিশোধ শুরু করার আগে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ঢাকা মেট্রোরেল স্টেশনে জোবাইক চালু, ৬০ টাকার রিকশাভাড়া মাত্র ১২ টাকা!
কারা ঋণ পাবেন
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই ঋণের জন্য যোগ্য হবেন।
যোগ্য পেশাজীবীদের মধ্যে রয়েছেন জেলে, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক।
এছাড়া মুদি দোকানদার, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ এজেন্ট, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল-ফল-সবজি বিক্রেতারাও এই ঋণ পাবেন।
ফ্রিল্যান্সার, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী এবং কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই সুবিধার আওতায় পড়বেন।
আরও পড়ুনঃ ট্রেনের অবস্থান থ্রিডি লাইভ ম্যাপে দেখার সুযোগ দিচ্ছে বিডি ট্রেন ট্র্যাকিং
শিক্ষার্থীদের জন্য আলাদা সুবিধা
২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থাকলে ঋণ নিতে পারবেন। এই ঋণ কারিগরি, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য প্রশিক্ষণ কোর্সের জন্য ব্যবহার করা যাবে।
১৮ বছর পূর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা আয়বর্ধক কাজ শুরু করতে বা প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগাতে ঋণ নিতে পারবেন। এমবিবিএস, বিডিএস ও ইঞ্জিনিয়ারিং পড়ার খরচেও ঋণ পাওয়া যাবে।
শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের গ্যারান্টি দিতে হবে।
দলগত ঋণ ও নারীদের অগ্রাধিকার
ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে। ২ থেকে ৫ জনের দল গঠন করে দলগতভাবে ঋণ নিলে প্রতি সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা এবং মোট সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
মোট ঋণ বিতরণের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে দেওয়া করতে হবে। প্রান্তিক ও অতিক্ষুদ্র নারী উদ্যোক্তারা এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। যাদের হিসাব নেই, তাদের নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে।
জামানত ও অন্যান্য শর্ত
৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। তবে ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে। ৫ লাখ টাকার বেশি ঋণে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যুক্তিসঙ্গত জামানত চাওয়া যাবে।
যারা আগে নেওয়া ঋণ পরিশোধ করেননি, তারা এই স্কিমের জন্য যোগ্য হবেন না। ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহে গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
স্কিমটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। ঋণের অর্থ আদায় হলে তা পুনরায় ঋণ হিসেবে ব্যবহার করা হবে।
আরও পড়ুনঃ ট্রেনের অবস্থান থ্রিডি লাইভ ম্যাপে দেখার সুযোগ দিচ্ছে বিডি ট্রেন ট্র্যাকিং
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


