মার্কিন প্রেডিকশন মার্কেট কোম্পানি কালশি ‘জিটিএ-৬ রিসার্চার’ পদে একজন গেমার নিয়োগ করছে। এই চাকরিতে বছরে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২২ লাখ থেকে ১ কোটি ৪৬ লাখ টাকা।
কোম্পানিটি সম্প্রতি লিংকডইনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরিটি দূরবর্তী ভিত্তিতে চুক্তিভিত্তিক হবে এবং প্রার্থীকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে।
কী কাজ করতে হবে
নির্বাচিত প্রার্থীকে ১৯ নভেম্বর জিটিএ-৬ মুক্তির দিন মধ্যরাত থেকেই গেম খেলা শুরু করতে হবে। গেমের মূল কাহিনি শেষ না হওয়া পর্যন্ত তাকে খেলা চালিয়ে যেতে হবে এবং প্রতিদিন ১০ ঘণ্টার বেশি সময় গেমে ব্যয় করতে হবে।
পুরো গেমপ্লে টুইচ বা ইউটিউবে সরাসরি সম্প্রচার করতে হবে। এ সময় গবেষককে ক্যামেরার সামনেও উপস্থিত থাকতে হবে।
কালশি জানিয়েছে, এটি শুধু গেম খেলার চাকরি নয়। গবেষককে গেমের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার অর্থনীতিকে একটি গবেষণাগার হিসেবে বিবেচনা করতে হবে।
তাকে গেমের ভেতরের অর্থনীতি বিশ্লেষণ করতে হবে, সবচেয়ে লাভজনক আয়ের কৌশল খুঁজে বের করতে হবে এবং সাপ্তাহিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে হবে।
বাস্তব অর্থনীতিতে প্রভাবও দেখতে হবে
চাকরির দায়িত্ব শুধু গেমের ভেতরে সীমাবদ্ধ নয়। গবেষককে জিটিএ-৬ মুক্তির প্রভাব বাস্তব অর্থনীতিতে কেমন পড়ছে, তাও পর্যবেক্ষণ করতে হবে।
এর মধ্যে রয়েছে গেম মুক্তির সপ্তাহে কতজন কর্মী অসুস্থতার অজুহাতে কাজে অনুপস্থিত থাকছেন, ডোরড্যাশের মতো খাবার সরবরাহ সেবার ব্যবহার কেমন বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কতটা উৎপাদনশীলতা কমছে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। কমপক্ষে ১০ বছরের গেমিং অভিজ্ঞতা এবং কমপক্ষে ৩ বছরের স্ট্রিমিং অভিজ্ঞতা থাকতে হবে।
অর্থনীতি বা ফিন্যান্সে ডিগ্রি থাকলে সুবিধা পাওয়া যাবে, তবে এটি বাধ্যতামূলক নয়। প্রার্থীর নিজস্ব গেমিং সেটআপ থাকতে হবে এবং টুইচ বা ইউটিউবে ক্যামেরা চালু রেখে স্ট্রিম করতে সম্মত হতে হবে।
বেতনের পাশাপাশি যেসব সুবিধা
বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীকে ১৫ হাজার ডলারের গেমিং ও স্ট্রিমিং বোনাস দেওয়া হবে। এছাড়া একটি ১০০ ইঞ্চির টেলিভিশন, পছন্দের একটি প্লেস্টেশন ৫ অথবা এক্সবক্স কনসোল দেওয়া হবে।
প্রতিদিন ৭৫ ডলার মূল্যের ডোরড্যাশ ক্রেডিট এবং একটি জিম মেম্বারশিপও দেওয়া হবে।
কালশি একটি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও প্রযুক্তিসহ বিভিন্ন ঘটনার ফলাফল নিয়ে লেনদেন করেন। কোম্পানিটি জিটিএ-৬ মুক্তির পর মানুষের আচরণ ও ব্যয়ে কী পরিবর্তন আসে, তা বুঝতে চায়।
জিটিএ-৬ আগামী ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস-এর জন্য মুক্তি পাবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


