জাতীয় সংসদে ভুয়া সাংবাদিকদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
যা বলেছেন সংসদ সদস্য ফারুক
ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে একটি স্মার্টফোন ব্যবহার করে সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে—ম্যাট্রিক পাসও না, ক্লাস এইটও পাস না।
তিনি বলেন, নকল সাংবাদিক সেজে তারা আসল সাংবাদিকদের সুনাম নষ্ট করছে। ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে এই নকল সাংবাদিকরা সরকারেরও ব্যাপক ক্ষতি করছে।
প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও সুনাম রক্ষায় ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট তালিকা এবং সুস্পষ্ট বিধিমালা সরকার তৈরি করবে কি না—সে প্রশ্ন রাখেন তিনি।
প্রতিমন্ত্রীর জবাব
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রবীণ এই রাজনীতিবিদের প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
তিনি বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া তথ্যের কারণে শুধু সংসদ সদস্যরাই নন, বরং দেশের আপামর জনসাধারণ ও সব শ্রেণির পেশাজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া সমীচীন হবে না। কারণ আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। তবে সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শ ও মতবিনিময়ের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইন সংশোধনের প্রস্তাব
এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সংসদে জানান, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালু করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। এ জন্য ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধানও রাখা হয়েছে।
এনবিআরের সদস্য (কর নীতি) মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, বিদ্যমান করদাতাদের ওপর বোঝা না চাপিয়ে করের ভিত্তি সম্প্রসারণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, অপতথ্য রোধে ইতোমধ্যে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমটি বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার বিষয়ে কাজ করছে।
সাংবাদিক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাবটি এখন সংসদে বিবেচনার অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


