আসন্ন রমজান মাসে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ট্রাকের সংখ্যা ছিল ৪৫০টি, এবার তা বাড়িয়ে ৫২০টি করা হয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, ট্রাক বাড়ানোর ফলে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখে উন্নীত হবে। নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।
কোন পণ্য কত দামে
ট্রাক সেলে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা এবং আধা কেজি খেজুর কিনতে পারবেন।
পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে ভোজ্যতেল ১১৫ টাকা লিটার, চিনি ৮০ টাকা কেজি, মসুর ডাল ৭০ টাকা কেজি, ছোলা ৬০ টাকা কেজি এবং খেজুর ১৬০ টাকা কেজি।
প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৪০০ জন ভোক্তা পণ্য কেনার সুযোগ পাবেন। এ হিসাবে প্রতিটি ট্রাকে পণ্য বরাদ্দ থাকে ৪০০ জনের জন্য।
আরও পড়ুনঃ টিসিবির ট্রাক সেল বন্ধ ছয় মাস ধরে, চালু হবে কবে!
সরবরাহ বাড়াতে আমদানি প্রস্তুতি
রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে আমদানি পরিকল্পনা নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
টিসিবির চেয়ারম্যান বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুনঃ নভেম্বর থেকে টিসিবিতে যুক্ত হচ্ছে নতুন পণ্য
স্মার্ট কার্ডধারীরা যা পাবেন
স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য নিয়মিত ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রমজান উপলক্ষে ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চ মাসে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।
কার্ডধারীরা আগের নির্ধারিত মূল্যে ভোজ্যতেল, চিনি ও ডাল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা ও খেজুর কিনতে পারবেন।
গত রমজানে টিসিবির ট্রাক সেল ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ২০ দিন চলেছিল। এবারও একই সময়সীমায় কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সহজে পণ্য বিক্রি ও ডিলার নিয়ন্ত্রণে টিসিবিতে ডিজিটাল রূপান্তর
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


