তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেওয়ার নতুন কর্মসূচি ‘উদ্যোগ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী তরুণরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ‘উদ্যোগ: উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করা হবে। প্রাথমিকভাবে ৮টি জেলার ৬৪টি উপজেলায় এই কর্মসূচি চালু হচ্ছে।
কত টাকা পাওয়া যাবে
নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। এই অর্থের অর্ধেক (সর্বোচ্চ ১০ লাখ টাকা) দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক (সর্বোচ্চ ১০ লাখ টাকা) দেওয়া হবে অনুদান হিসেবে।
ঋণের সুদহার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। এই ঋণের জন্য কোনো জামানত বা সহায়ক সম্পদ দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে।
কারা আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাকে বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
পূর্বে কোনো ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। তবে একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে।
যাদের বিরুদ্ধে কোনো ঋণখেলাপির অভিযোগ আছে বা যারা পূর্বে কোনো ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, তারা এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন না।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে।
আবেদনের পর ব্যাংক কর্মকর্তারা প্রার্থীর ব্যবসায়িক ধারণা, সম্ভাব্যতা এবং অর্থায়নের প্রয়োজনীয়তা যাচাই করবেন। এরপর একটি স্বাধীন প্যানেল চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।
নির্বাচিত উদ্যোক্তারা শুধু ঋণই পাবেন না, তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগও দেওয়া হবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


