বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে। এ জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না’।
বাংলা কিউআর কীভাবে কাজ করে
বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের একটি সার্বজনীন ও আন্তঃচালনাযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এখানে বিক্রেতার দোকানে প্রদর্শিত একটিমাত্র কিউআর কোড ক্রেতা তার পছন্দের যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে পারেন।
মার্চেন্টের নাম যাচাই করে টাকার পরিমাণ বসিয়ে নিজের পিন বা বায়োমেট্রিক অনুমোদনের মাধ্যমে মুহূর্তেই পেমেন্ট সম্পন্ন হয়। লেনদেন শেষে ক্রেতা ও বিক্রেতা উভয়েই তাৎক্ষণিক নোটিফিকেশন পান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় ৩৯ লাখ মার্চেন্ট হিসাব যুক্ত হয়েছে।
আরও পড়ুনঃ বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
লেনদেনে যে সুবিধা মিলছে
বাংলাদেশ ব্যাংক ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনে তাৎক্ষণিক সেটেলমেন্ট চালু করেছে। ফলে মার্চেন্টরা লেনদেনের সঙ্গে সঙ্গেই তাদের হিসাবে টাকা পাবেন।
ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট স্থগিত করা হয়েছে। ফলে বিক্রেতাদের এই মাশুল দিতে হবে না।
২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক লেনদেনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়া হবে। অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ০ দশমিক ১০ শতাংশ এবং ইস্যুইং প্রতিষ্ঠান পাবে ০ দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা।
আরও পড়ুনঃ বিকাশ নগদ রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়ালে বাংলা কিউআর পেমেন্টে নতুন নির্দেশনা
লেনদেন বৃদ্ধির তথ্য
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে দৈনিক বাংলা কিউআর লেনদেনের পরিমাণ প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। জুন মাসে এই পরিমাণ ছিল ২৮ কোটি টাকার বেশি।
লেনদেনের সংখ্যা জুনের তুলনায় সাড়ে তিন গুণ বেড়ে দৈনিক প্রায় ৩ লাখ ৫০ হাজার হয়েছে। গড় লেনদেনের মূল্যও বেড়ে ৪ হাজার ১০১ টাকা হয়েছে।
আরও পড়ুনঃ মোবাইল ব্যালেন্স দিয়েই কেনা যাবে স্মার্টফোন, বাড়ল ডিওবি সীমা
ব্যক্তি পর্যায়ে লেনদেন শুরু নভেম্বরে
আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পার্সন-টু-পার্সন লেনদেন চালু হবে। এর ফলে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর ব্যবহার করে টাকা পাঠানো যাবে।
গ্রাহকরা নিজের মোবাইলের গ্যালারিতে সংরক্ষিত কিউআর ছবি আপলোড করেও পেমেন্ট করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক গ্রাহক সুরক্ষার জন্য ব্যর্থ লেনদেনে দ্রুত রিফান্ড এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাও চালু করেছে। গ্রাহকরা ১৬২৩৬ নম্বরে হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুনঃ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি বাড়ছে, এআই দিয়ে শনাক্ত হবে সন্দেহজনক লেনদেন
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


