মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। এর ফলে মোটরসাইকেলের কাঠামোগত ভিন্নতা বিবেচনায় নিয়ে সামনে নম্বরপ্লেট স্থাপনের পথ আরও সুগম হলো।
১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সংশোধনী আনা হয়েছে এবং সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।
এক লাইনে নম্বর লেখার সুযোগ
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের (দৈর্ঘ্য ও প্রস্থ) বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের ওপর প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুনঃ দেশের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিআরটিএ-কে যে ক্ষমতা দেওয়া হলো
নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।
এছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ হবে না: রুল শুনবেন হাইকোর্ট
কেন এই সংশোধন
বর্তমানে বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম নয়। কিছু ক্ষেত্রে আদর্শ মাপের নম্বরপ্লেট বসানো কঠিন হয়ে পড়ে এবং সব মডেলে একই মাপ ও বিন্যাস প্রয়োগ করা কার্যকর নয়।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা বাড়ার কারণে সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে শনাক্তকরণের গুরুত্ব বাড়ছে। সামনের নম্বরপ্লেট সঠিকভাবে বসানো গেলে ট্রাফিক আইন প্রয়োগ ও সড়ক শৃঙ্খলা রক্ষা সহজ হবে।
আরও পড়ুনঃ বিকাশ নিয়ে এলো ক্যাশ আউট বান্ডেল, কমবে ক্যাশ আউট খরচ?
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


