পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনা নিয়ে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন চার শাখার পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পাসপোর্ট হারানো বা চুরির পর দ্রুত অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার কথা বলা হয়েছে। থানাকে ৭২ ঘণ্টার মধ্যে জিডির তথ্য যাচাই করে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠাতে হবে।
নতুন ব্যবস্থায় হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য বিশেষভাবে সংরক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ডাটাবেজ ও ইমিগ্রেশন ব্যবস্থায় তা হালনাগাদ করা হবে। বিদেশে থাকলে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। একই সঙ্গে হারানো পাসপোর্ট পরে পাওয়া গেলেও সেটি আর ভ্রমণে ব্যবহার করা যাবে না। এই নতুন নির্দেশনা পরিপত্র জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।
পাসপোর্ট হারানো বা চুরির পর যা করতে হবে
প্রথমবার ও পরবর্তীবার হারালে কত টাকা লাগবে?
নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি পরিশোধ করলেই পুনঃইস্যুর আবেদন করা যাবে। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না।
তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফির পাশাপাশি ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন চার শাখা থেকে জারি করা পরিপত্রে এই নিয়ম উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রবাসীদের পাসপোর্ট এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ
অনলাইনে রিপোর্ট ও থানায় জিডি বাধ্যতামূলক
পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার পর দ্রুত নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে।
সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির তথ্য যাচাই করে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর অথবা নিকটস্থ পাসপোর্ট অফিসে প্রতিবেদন পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না এলে জিডির কপি সংযুক্ত করেও পুনঃইস্যুর আবেদন করা যাবে। এরপর কর্তৃপক্ষ Lost Circular জারি করে পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।
জিডি যাচাইয়ের সময় কোনো পাসপোর্ট ভিসা সংক্রান্ত কারণে ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে জমা থাকার বিষয়টি পাওয়া গেলে এবং সেটি দ্রুত উদ্ধার করা সম্ভব না হলে আগের পাসপোর্ট Revoke করে নতুন পাসপোর্ট দেওয়া যেতে পারে।
আরও পড়ুনঃ প্রবাসীদের পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
হারানো পাসপোর্ট পরে পাওয়া গেলেও ব্যবহার করা যাবে না
হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর স্পেশাল ব্রাঞ্চের Immigration Management System বা IMS এ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হবে। প্রয়োজন হলে ইন্টারপোলকেও অবহিত করা হবে।
নতুন পাসপোর্টের ডেটাপেজে Previous Passport is Reported to be Lost উল্লেখ থাকবে। একই সঙ্গে আগের পাসপোর্টের Lost বা Revoked অবস্থা সংশ্লিষ্ট ডাটাবেজে সংরক্ষণ করা হবে।
হারানো বা চুরি হয়েছে বলে রিপোর্ট করা পাসপোর্ট পরে পাওয়া গেলেও সেটি পুনরায় সক্রিয় করা যাবে না এবং বিদেশ ভ্রমনে ব্যবহার করা যাবে না। পাসপোর্টটি পাওয়া গেলে সংশ্লিষ্ট থানায় এবং নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। বিদেশে থাকলে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকেও অবহিত করতে হবে।
আরও পড়ুনঃ এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে বাড়ছে ফি, জেনে নিন নতুন খরচ
বিদেশে পাসপোর্ট হারালে করণীয়
বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকে জানাতে হবে। দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেট Lost Circular জারি করে পুনঃইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।
হারানো পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবার নাম এবং মায়ের নামের মতো মৌলিক পরিচয়গত তথ্য সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধনের সুযোগ থাকলে তা পৃথকভাবে বিবেচনা করা হবে।
আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ থাকলে সেটি জমা দিয়ে নতুন পাসপোর্ট নেওয়া যাবে। কিন্তু পাসপোর্ট সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে এবং শনাক্ত করার মতো কোনো অংশ না থাকলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে হবে।
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


