ঢাকায় ই-রিকশা নিবন্ধনের আবেদন ফরম ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে এই ফরম বিতরণ শুরু হয়েছে। তবে শুধু ফরম কিনলেই নিবন্ধন পাওয়া যাবে না; বুয়েটের কারিগরি ছাড়পত্রসহ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, নগর ভবন ও সংস্থার সব আঞ্চলিক কার্যালয় থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ফরম কিনতে পারবেন।
নিবন্ধনের জন্য যা যা লাগবে
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, ফি জমার রসিদ এবং ফিটনেস সনদ জমা দিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো রিকশার কারিগরি মান ও নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই। বুয়েট নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড অনুযায়ী রিকশাটি উপযুক্ত কি না, তা নিশ্চিত করে ছাড়পত্র নিতে হবে। এই ছাড়পত্র ছাড়া নিবন্ধন আবেদন প্রক্রিয়া এগোবে না।
আরও পড়ুনঃ রিসাইকেল সিম কি? নতুন সিম ও রিসাইকেল সিমের মধ্যে পার্থক্য
এক এনআইডিতে কতটি রিকশা
একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। এই সীমা সব সিটি করপোরেশন মিলিয়ে প্রযোজ্য। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।
নিবন্ধন ফি দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য ৮ হাজার টাকা এবং চার যাত্রীর জন্য ১০ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা এবং ফিটনেস সনদের জন্য ১ হাজার টাকা দিতে হবে।
আরও পড়ুনঃ সরকার নির্ধারিত দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনতে হচ্ছে এলপি গ্যাস
চলাচলে যেসব নিষেধাজ্ঞা
ই-রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় এই গতি ঘণ্টায় ১৫ কিলোমিটারে নামাতে হবে।
জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের সড়কে ই-রিকশা চলতে পারবে না। ফুটপাতেও এই যান চলাচল নিষিদ্ধ।
নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। প্রতিটি নিবন্ধিত ই-রিকশাকে কিউআর কোডযুক্ত ইউনিক নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেওয়া হবে। আবেদন যাচাই শেষে সন্তুষ্ট হলে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেওয়া হবে।
আরও পড়ুনঃ কৃষিনির্ভর বাংলাদেশে বাঁচলে কৃষক, বাঁচবে দেশ: তারেক রহমান
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


