সরকারি বাসা বরাদ্দ পাওয়ার পর পুরো ফ্ল্যাট কিংবা আংশিক বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন, এমন বরাদ্দপ্রাপকদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজ নামে বরাদ্দকৃত বাসায় বসবাসের নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বাসার বরাদ্দ বাতিলসহ বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে অবগত করা হয়েছে।
কেন এই নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাদের নামে বরাদ্দ করা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক কক্ষ, দুই কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্য ব্যক্তির কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। সরকারি বাসা এভাবে অন্যের কাছে ভাড়া দেওয়া বা সাবলেট দেওয়ার কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।
এ পরিস্থিতিতে সরকারি আবাসন পরিদপ্তরের অধীন কোনো বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা আংশিক অংশ, অর্থাৎ এক বা একাধিক কক্ষ অন্যের কাছে সাবলেট বা ভাড়া না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা বাসার কোনো অংশ বা সম্পূর্ণ বাসা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ভাড়াটিয়াদের অবশ্যই সরিয়ে দিতে হবে। একই সঙ্গে নিজ নামে বরাদ্দ করা বাসায় যথানিয়মে অবস্থান বা বসবাস নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনা না মানলে কী হবে
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, সরকার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়া দেওয়ার বিষয়টি পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি বিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।
এ ছাড়া বিধিমালার ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


